নড়াইল প্রতিনিধি
নড়াইল পৌরসভার সাবেক মেয়র আঞ্জুমান আরা ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর বডিগার্ড হিসেবে পরিচিত হুমায়ুন কবির তনুকে আটক করেছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় পৌরসভার রূপগঞ্জ বাঁধাঘাট এলাকা থেকে তাকে আটক করে নড়াইল সদর থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার।
স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সহযোগিতায় হুমায়ুন কবির তনু জেলা প্রশাসনের কাছ থেকে নিশিনাথতলার সরকারি জমি ইজারা নিয়ে সেখানে বসবাস করতেন।
এ ছাড়া পৌরসভার সাবেক মেয়র আঞ্জুমান আরার বডিগার্ড হিসেবে দায়িত্ব পালনকালে নড়াইলের বাঁধাঘাট এলাকায় বিভিন্ন পরিবহন থেকে টোল আদায় করতেন।
অভিযোগ রয়েছে, রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির কয়েকজন নেতা ও আইনজীবীর সহযোগিতায় বিএনপির সমর্থক পরিচয়ে তিনি আবারও বাঁধাঘাট এলাকায় কাউন্টার ও টোল আদায়ের কাজ শুরু করেন।
নড়াইল সদর থানার ওসি রাসেল সরোয়ার বলেন, হুমায়ুন কবির তনুর বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগ পাওয়ায় তাকে থানায় আনা হয়েছে।
অভিযোগগুলো যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।