সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদ ও জেলা শ্রমিকলীগের সহসভাপতি শেখ তৌহিদুর রহমান ডাবলুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সাতক্ষীরা শহরের নবারুণ স্কুল মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ডাবলু সাতক্ষীরা শহরের সুলতানপুর কাজীপাড়া এলাকার শেখ জিয়াউর রহমানের ছেলে। স্থানীয়ভাবে তিনি সাবেক সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যায় নবারুণ স্কুল মোড় এলাকায় স্থানীয় জনতা তৌহিদুর রহমান ডাবলুকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে।
ওসি আরও জানান, তার বিরুদ্ধে বিভিন্ন স্থানে সহিংসতার অভিযোগ রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রোববার তাকে আদালতে সোপর্দ করা হবে।