স্টাফ রিপোর্টার
, যশোর
অনলাইন জুয়াচক্রের সাথে সংখ্য ও ঘুস লেনদেনের অভিযোগে যশোরের উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আল মামুনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশের খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শকের নির্দেশে এসআই আল-মামুনকে খুলনা আরআরএফ-এ সংযুক্ত করা হয়েছে।
সংবাদটি নিশ্চিত করেছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম।
পুলিশ সূত্র জানিয়েছে, গত ১৯ নভেম্বর এসআই আল মামুনকে উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ হিসাবে কোতোয়ালি থানা থেকে বদলি করা হয়। এর আগে তিনি ওই ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ হিসাবে মাসখানেকের মতো দায়িত্ব পালন করেন। কিন্তু দ্বিতীয়বার যোগদানের পর থেকে তার বিরুদ্ধে অনলাইন জুয়াচক্রের সাথে সখ্য ও জুয়াচক্রের কাছ থেকে সুবিধা নেওয়ার অভিযোগ উঠে। সে কারণে তার বিরুদ্ধে ডিআইজির নির্দেশে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম বলেন, ‘অভিযোগের ভিত্তিতে ডিআইজির নির্দেশে এসআই আল মামুনকে খুলনা আরআরএফ-এ সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত কমিটির গঠন করা হবে।