যবিপ্রবির সনদ জালিয়াতি মামলা
স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সনদ জালিয়াতির মামলায় অভিযোগকারী রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব ও সাবেক রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ হয়ে গেলেন আসামি।
বিশ্ববিদ্যালয়ের পাঁচ কর্মী জাল কাগজপত্র দাখিল করে পেয়েছিলেন চাকরি- এমন অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের বর্তমান রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব কোতোয়ালি থানায় অভিযোগ করেন। সাথে ছিলেন সাবেক রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ। কিন্তু অভিযোগটি তদন্ত করে যশোর দুর্নীতি দমন কমিশন (দুদক)।
তদন্ত করে ওই পাঁচ কর্মকর্তার কাগজপত্র জাল বলে প্রমাণ পায়। চাকরি পাওয়ার আগে ওই পাঁচজনের কাগজপত্র দেখভালের দায়িত্বে ছিলেন রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব ও সাবেক রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ। তারা যথাযথভাবে দেখভাল না করায় জালিয়াতির মাধ্যমে চাকরি পান ওই পাঁচজন।
যে পাঁচ কর্মকর্তা সনদ জালিয়াতি করেছেন বলে অভিযোগ, তারা হলেন সাবেক সেকশন অফিসার (গ্রেড-২) যশোর সদরের শ্যামনগর গ্রামের হাসনা হেনা, সেকশন অফিসার (গ্রেড-২) চৌগাছা উপজেলার মুক্তারপুর গ্রামের সাকিব ইসলাম, টেকনিক্যাল অফিসার শ্যামনগর গ্রামের জাহিদ হাসান, সেকশন অফিসার (গ্রেড-১) চৌগাছা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীর আলম এবং অফিস সহকারী সদর উপজেলার বিরামপুর গ্রামের সুমন হোসেন।
মামলার তদন্ত শেষে সম্প্রতি আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক চিরঞ্জীব নিয়োগী।
চার্জশিটে বিশ্ববিদ্যালয়ের বর্তমান রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব ও সাবেক রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ ছাড়াও অভিযুক্তরা হলেন সাবেক সেকশন অফিসার (গ্রেড-২) হাসনা হেনা, সেকশন অফিসার (গ্রেড-২) সাকিব ইসলাম, টেকনিক্যাল অফিসার জাহিদ হাসান, সেকশন অফিসার (গ্রেড-১) জাহাঙ্গীর আলম এবং অফিস সহকারী সুমন হোসেন।
মামলার বিবরণে জানা গেছে, অভিযুক্ত পাঁচ কর্মকর্তা-কর্মচারী শিক্ষাগত যোগ্যতার জাল সনদ ব্যবহার করে যবিপ্রবিতে চাকরি গ্রহণ করেন। এর মধ্যে হাসনা হেনার বিএ (অনার্স) পাসের সাময়িক সনদ, সাকিব ইসলামের বিকম (অনার্স) পাসের সাময়িক সনদ ও নম্বরপত্র, জাহিদ হাসান ও জাহাঙ্গীর আলমের বিএসসি (অনার্স) পাসের সাময়িক সনদ ও নম্বরপত্র জাল বলে মতামত দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়। এছাড়া, সুমন হোসেনের এসএসসি পাসের সনদ সঠিক নয় বলে মতামত দেয় যশোর শিক্ষা বোর্ড।
মামলার অভিযোগে জানা গেছে, হাসনা হেনা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পেয়ে পরবর্তী সময়ে সেকশন অফিসার (গ্রেড-২) পদে পদোন্নতি পান। সাকিব ইসলামও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে যোগ দিয়ে পরে সেকশন অফিসার (গ্রেড-২) হন। জাহিদ হাসান ডেমোনেস্ট্রেটর পদে নিয়োগ পেয়ে টেকনিক্যাল অফিসার পদে পদোন্নতি পান। জাহাঙ্গীর আলম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে যোগ দিয়ে সেকশন অফিসার (গ্রেড-১) হন। আর সুমন হোসেন এমএলএসএস পদে নিয়োগ পেয়ে পরবর্তী সময়ে অফিস সহকারী (আপগ্রেডেড) পদে পদোন্নতি পান।
এ ঘটনায় ২০২৩ সালের ৪ ডিসেম্বর যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মামলা করতে যান। কিন্তু আসামিরা সরকারি কর্মকর্তা-কর্মচারী হওয়ায় বিষয়টি দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত অপরাধ হিসেবে বিবেচিত হওয়ায় পুলিশ তাদের অভিযোগটি জিডি হিসাবে গ্রহণ করে এবং তা তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ে পাঠায়।
পরে দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক চিরঞ্জীব নিয়োগী বাদী হয়ে দুর্নীতি দমন কমিশনে এ মামলা করেন।
অভিযুক্তরা জাল সনদ তৈরি ও ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ে চাকরি গ্রহণের মাধ্যমে সরকারি অর্থ বেতন-ভাতা হিসেবে উত্তোলন করেছেন। এতে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ক্ষতিসাধন হয়েছে। এ ঘটনায় যবিপ্রবি কর্তৃপক্ষ পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে ইতিমধ্যে বরখাস্ত করেছে।
মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীবসহ সাতজনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।