নাশকতায় ব্যবহারের আশঙ্কা, শিগগির ভ্রাম্যমাণ আদালত: পুলিশ
শাহারুল ইসলাম ফারদিন
, যশোর
বোতল বা খোলা পাত্রে জ্বালানি তেল বিক্রি নিষিদ্ধ। কিন্তু যশোরে এ নিষেধাজ্ঞা কার্যকর হয় না। শহরের অলিগলি থেকে শুরু করে মহাসড়কের পাশের দোকানে কোমল পানীয়ের বোতলে অবাধে বিক্রি হচ্ছে পেট্রোল ও অকটেন। ফিলিং স্টেশন থেকে বিনাবাধায় তেল সংগ্রহ করতে পারেন দোকানিরা। সেখানে ক্রেতার পরিচয় যাচাই-বাছাইয়ের বালাই নেই। এভাবে বিক্রি করা জ্বালানি তেল সহজেই নাশকতার কাজে ব্যবহার করা সম্ভব।
গত কয়েক দিন যশোর শহরের বিভিন্ন এলাকা এবং সদর উপজেলার মহাসড়কসংলগ্ন বাজার ঘুরে দেখা গেছে, মুদি দোকান, মোটরসাইকেল মেরামতের দোকান ও সড়কের পাশের টং দোকানে কোমল পানীয়ের প্লাস্টিকের বোতলে পেট্রোল বিক্রি হচ্ছে। ক্রেতারা চাইলেই কোনো ধরনের পরিচয় বা কারণ না জানিয়েই এসব দোকান থেকে জ্বালানি কিনতে পারছেন। পাম্পের তুলনায় লিটারপ্রতি ১০ থেকে ২০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে এসব তেল।
নাম প্রকাশ না করার শর্তে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার এক খুচরা বিক্রেতা জানান, তারা পাম্প থেকে গ্যালনে তেল এনে মোটরসাইকেল চালকদের জরুরি প্রয়োজনে ছোট বোতলে ভরে বিক্রি করেন। বোতলে তেল বিক্রিতে নিষেধাজ্ঞার বিষয়ে জানতে চাইলে তিনি কোনো জবাব দেননি।
নিয়ম অনুযায়ী, জেনারেটর বা জরুরি প্রয়োজনে খোলা পাত্রে জ্বালানি তেল নিতে হলে পুলিশ স্টেশনের নিরাপত্তা ছাড়পত্র এবং পাম্পের রেজিস্ট্রারে ক্রেতার নাম, ঠিকানা ও জাতীয় পরিচয়পত্রের তথ্য সংরক্ষণের কথা। কিন্তু কয়েকটি পাম্পে খোঁজ নিয়ে দেখা গেছে, রেজিস্ট্রার খাতা থাকলেও নিয়ম মানার ক্ষেত্রে ঘাটতি রয়েছে। কিছু পাম্পকর্মী সাধারণ বোতল ও গ্যালনেও তেল সরবরাহ করছেন।
জ্বালানি তেলের সরকারি খুচরা মূল্য প্রতি লিটার অকটেন ১৬৫ টাকা ও পেট্রোল ১৬০ টাকা। খোলাবাজারে অকটেন বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৮৫ টাকা এবং পেট্রোল ১৭০ থেকে ১৮০ টাকা দরে।
যশোর জেলায় অনুমোদিত ৮৩টি ফিলিং স্টেশন রয়েছে। তথ্য অনুযায়ী, প্রতিটি পাম্পে দৈনিক পেট্রোল ও অকটেনের চাহিদা ২৫০ থেকে ৩০০ লিটার।
স্থানীয় গাড়িচালক মিনহাজ হোসেন ও মোবাইল ফোন ব্যবসায়ী তাজুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে যে কেউ সহজেই বোতলে পেট্রোল কিনতে পারলে তা অপরাধীদের হাতে বিপজ্জনক উপকরণ হিসেবে ব্যবহৃত হতে পারে। জনবহুল এলাকায় প্লাস্টিকের বোতলে দাহ্য পদার্থ মজুত ও বিক্রি করাও বড় ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি করছে।
বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিক সমিতির খুলনা বিভাগীয় কোষাধ্যক্ষ এবং যশোর জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিদুল হক তোতন বলেন, প্রতিটি পাম্পকে বোতল বা খোলা পাত্রে তেল বিক্রি না করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কিছু অসাধু ব্যক্তি মোটরসাইকেলের ট্যাংক ভর্তি করে তেল নিয়ে পরে তা বের করে খুচরা দোকানে বিক্রি করছেন। তবে তিনি ফিলিং স্টেশন থেকে ড্রাম ভর্তি করে জ্বালানি তেল সংগ্রহের বিষয়টি এড়িয়ে যান।
যশোর জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম বলেন, খোলাবাজারে জ্বালানি তেল বিক্রি সম্পূর্ণ অবৈধ। নাশকতা ঠেকাতে পুলিশের টহল জোরদার করা হয়েছে। অবৈধভাবে তেল বিক্রেতাদের বিরুদ্ধে দ্রুত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে।
যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার বলেন, অনুমোদনহীন দোকানে কিংবা পাম্পে নিয়মবহির্ভূতভাবে খোলা পাত্রে তেল বিক্রির প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। জননিরাপত্তার স্বার্থে জেলা প্রশাসনের পক্ষ থেকে শিগগিরই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।