যশোর, বাংলাদেশ || সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লোহাগড়ায় টানা বৃষ্টিতে ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা

রূপক মুখার্জি

, লোহাগড়া (নড়াইল)

প্রকাশ : রবিবার, ২২ নভেম্বর,২০২৬, ০৯:১৭ পিএম
আপডেট : রবিবার, ২২ নভেম্বর,২০২৬, ০৯:৫৪ পিএম
লোহাগড়ায় টানা বৃষ্টিতে ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা

মাঠজুড়ে পাকা ধান। কোথাও কাটার অপেক্ষায় দাঁড়িয়ে আছে ফসল, কোথাও কাটা ধান পড়ে রয়েছে জমিতে। নতুন ফসল ঘরে তোলার স্বপ্নে বিভোর ছিলেন কৃষকরা।

কিন্তু টানা দুই দিনের বৃষ্টিতে সেই স্বপ্নে দেখা দিয়েছে দুশ্চিন্তার ছায়া। পাকা ধান ভিজে যাওয়া, জমিতে পানি জমা এবং কাটা ধান শুকানো নিয়ে বিপাকে পড়েছেন নড়াইলের লোহাগড়া উপজেলার কৃষকরা।

এতে আমন ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

শনিবার (২১ নভেম্বর) উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, বৃষ্টিতে ভিজে আছে পাকা ও কাটা ধান। কোথাও জমিতে দাঁড়িয়ে থাকা ধান নুয়ে পড়েছে, আবার কোথাও কাটা ধান পড়ে রয়েছে জমিতেই।

বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে ধান কাটা, মাড়াই ও ঘরে তোলার কাজ। দ্রুত ফসল কাটতে না পারলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন কৃষকরা।

হেমন্তের সোনালি আবহে আমন ধান কাটার মৌসুমে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছিলেন কৃষক-কৃষাণীরা।

কিন্তু বৈরী আবহাওয়ায় সেই ব্যস্ততা এখন রূপ নিয়েছে উৎকণ্ঠায়। একদিকে দ্রুত ধান কাটার তাড়া, অন্যদিকে বৃষ্টিতে ভেজা ধান শুকানো ও সংরক্ষণের দুশ্চিন্তা। সময়মতো রোদ না উঠলে ধানের গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তারা।

উপজেলার বাঁকা গ্রামের কৃষক মিরাজ মোল্লা, আক্তার মোল্লা, ফিরোজ মোল্লা, শরিফুল মোল্লা ও হাসান শেখসহ একাধিক কৃষক বৃষ্টিতে ফসলের ক্ষতির আশঙ্কায় রয়েছেন।
একই পরিস্থিতিতে উদ্বিগ্ন দাসেরডাঙ্গা গ্রামের আশেক, ঝিঁকরা গ্রামের আলীম, লাহুড়িয়া এগারোনলি গ্রামের আসাত শেখ এবং নলদী ইউনিয়নের নখখালী গ্রামের রুফল মিয়াসহ বিভিন্ন এলাকার কৃষকরা।

কৃষকদের আশঙ্কা, জমিতে বৃষ্টির পানি জমে থাকলে ধান কাটার কাজ আরও বিলম্বিত হবে। অন্যদিকে কাটা ধান ভেজা থাকায় তা শুকানো ও মাড়াই করতে বাড়তি সময় লাগবে। এতে ধানের গুণগত মান কমে যাওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির মুখেও পড়তে পারেন তারা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে লোহাগড়া উপজেলায় ১০০ হেক্টর জমিতে ধান, ৪০ হেক্টর জমিতে সরিষা, ২০ হেক্টর জমিতে খেসারি এবং ১০ হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছে।

টানা দুই দিনের বৃষ্টিতে এসব ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা মুনমুন সাহা।

বছরজুড়ে শ্রম, ঘাম ও অর্থ ব্যয়ে ফলানো ফসল ঘরে তোলার শেষ সময়ে এমন বৈরী আবহাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। এখন তাদের প্রত্যাশা, দ্রুত বৃষ্টি থেমে আকাশে রোদ উঠবে এবং নতুন কোনো ক্ষতির আগেই ঘরে তুলতে পারবেন মাঠের সোনালি ফসল।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)