কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
কালীগঞ্জে প্রসূতির মৃত্যুর ঘটনায় নিউ গরীব শাহ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে উপজেলা প্রশাসন।
ছবি:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারে শিল্পী খাতুন (৩৫) নামে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় ‘নিউ গরীব শাহ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ নামে একটি ক্লিনিককে এক লাখ টাকা জরিমানা ও সিলগালা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ ব্যবস্থা নেন। এ সময় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানউল্লাহ আল মামুন এবং কালীগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
এর আগে রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে ওই ক্লিনিকে প্রসবের জন্য ভর্তি শিল্পী খাতুনের মৃত্যু হয়। তিনি উপজেলার কাষ্টভাঙা ইউনিয়নের সাতগাছিয়া গ্রামের ইয়াকুব আলীর স্ত্রী।
পরিবারের অভিযোগ, চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলায় শিল্পী খাতুনের মৃত্যু হয়েছে। তবে ক্লিনিক কর্তৃপক্ষের দাবি, অস্ত্রোপচার কক্ষে নেওয়ার আগে বাথরুমে গিয়ে তার প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। পরে তাকে দ্রুত অস্ত্রোপচার কক্ষে নেওয়া হলে তিনি মারা যান। অস্ত্রোপচারের মাধ্যমে নবজাতক শিশুটিকে জীবিত ভূমিষ্ঠ করানো হয়।
ঘটনার পর সোমবার ইউএনও রেজওয়ানা নাহিদ সাতগাছিয়া গ্রামে শিল্পী খাতুনের বাবার বাড়িতে গিয়ে নবজাতকটিকে দেখেন। এ সময় তিনি শিশুটির জন্য প্রয়োজনীয় জিনিসপত্র ও দশ হাজার টাকা তার নানির হাতে তুলে দেন।
ইউএনও রেজওয়ানা নাহিদ বলেন, মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক এবং ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ক্লিনিকটিকে এক লাখ টাকা অর্থদণ্ড করা ছাড়াও সেটি সিলগালা করা হয়েছে। একই সঙ্গে নবজাতকটির প্রয়োজনীয় জিনিসপত্র ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।