স্টাফ রিপোর্টার
, যশোর
দেশে চলমান হাম রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে শনিবার (২৬ সেপ্টেম্বর) থেকে যশোর জেলাজুড়ে শুরু হচ্ছে জাতীয় হাম-রুবেলা (এমআর) বিশেষ টিকাদান ক্যাম্পেইন ‘ইনটেনসিফায়েড এমআর ক্যাচআপ ভ্যাকসিনেশন’ নামে মাসব্যাপী এই কর্মসূচি চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।
এই ক্যাম্পেইনের আওতায় জেলায় ছয়মাস থেকে পাঁচ বছরের কম বয়সী (৫৯ মাস) যেসব শিশু পূর্বে টিকা পায়নি বা কোনো কারণে বাদ পড়েছে, তাদের এমআর টিকা দেওয়া হবে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, যশোর জেলায় স্থায়ী টিকাদান কেন্দ্রসহ প্রায় আড়াই হাজার কেন্দ্রে এই বিশেষ টিকা প্রদান করা হবে। এবারের ক্যাম্পেইনে জেলার মোট ১৬ হাজার ৫০৩ জন বাদপড়া শিশুকে এমআর টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে যশোর সদর উপজেলায় চার হাজার ৫১ জন, যশোর পৌরসভায় ৮২৫ জন, চৌগাছায় দুই হাজার ২৫৯ জন, বাঘারপাড়ায় এক হাজার ৬২৪ জন, অভয়নগরে এক হাজার ৩৮০ জন, মণিরামপুরে দুই হাজার ৪১ জন, কেশবপুরে এক হাজার ২৫৮ জন, ঝিকরগাছায় এক হাজার ২৫০ জন এবং শার্শায় এক হাজার ৮১৫ জন শিশু রয়েছে।
সিভিল সার্জন ডা.মাসুদ রানা জানিয়েছেন, ক্যাম্পেইন সফলভাবে পরিচালনার জন্য জেলায় পর্যাপ্ত টিকার মজুদ রয়েছে। বর্তমানে ৭২ হাজার ৭০০ ডোজ এমআর টিকা মজুত আছে। যার প্রতিটি ভায়ালে রয়েছে দশটি করে ডোজ।
তিনি আরও জানান, যেসব শিশু পূর্বে হাম-রুবেলার টিকা পায়নি, অথবা কোনো কারণে নিয়মিত শিডিউল থেকে বাদ পড়েছে কিংবা বিগত মাসে ছয় মাস বয়সে উপনীত হয়েও এখনও টিকা নেয়নি, তাদের সুস্থ ভবিষ্যতের জন্য এই ক্যাম্পেইনের মাধ্যমে টিকার আওতায় আনা হবে। স্বাস্থ্য বিভাগ নির্ধারিত কেন্দ্রের পাশাপাশি প্রত্যন্ত গ্রামে গিয়েও বাদপড়া শিশুদের খুঁজে বের করে এই টিকা নিশ্চিত করা হবে।