বিশেষ প্রতিনিধি
, যশোর
২০০৫ সালে প্রতিষ্ঠিত যশোর করোনারি কেয়ার ইউনিটটি (সিসিইউ) পূর্ণাঙ্গরূপে চালু করতে কী কী প্রয়োজন হবে সেই প্রস্তাব দ্রুততার সাথে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার বিকেলে যশোর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে স্বাস্থ্য বিভাগের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এই নির্দেশ দেন। সভায় তিনি একই ভবনে স্থাপিত ইনটেনসিভ কেয়ার ইউনিটটি (আইসিইউ) চালু করতে যা যা দরকার, তার সবকিছু করারও নির্দেশ দেন।
সভার পর যোগাযোগ করা হলে যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত বলেন, প্রাথমিক প্রস্তাবনা দুই-তিনদিনের মধ্যে প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া যাবে। ফলে যশোর জেনারেল হাসপাতালে সিসিইউ পূর্ণাঙ্গ রূপ পেতে ও আইসিইউ চালু হওয়া এখন সময়ের ব্যাপারমাত্র।
বৃহস্পতিবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে যশোর করোনারি ইউনিটে পূর্ণাঙ্গরূপে চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিএনপির দেওয়া নির্বাচনি প্রতিশ্রুতির কথা তুলে ধরেন যশোর সদর আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান সভায় উপস্থিত স্বাস্থ্যসচিব মো. কামরুজ্জামান চৌধুরীকে এই বিষয়ে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
পরদিন শুক্রবার প্রতিমন্ত্রী একদিনের সফরে যশোর আসেন। এদিন তার কর্মসূচির মধ্যে একটি ছিল স্বাস্থ্য বিভাগের সাথে মতবিনিময় সভা।
বিকেলে অনুষ্ঠিত এই সভায় যশোর সিসিইউ ও আইসিইউ-এর হাল অবস্থা বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে জানানো হয়। পরে তিনি সভাকে জানান, চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই দুই সুবিধা পূর্ণাঙ্গরূপে কার্যকর করতে স্বয়ং প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। ফলে যত দ্রুত সম্ভব প্রস্তাবনা তৈরি করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠাতে হবে।
সভা শেষে যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত সুবর্ণভূমিকে বলেন, ‘সবকিছু আমাদের নখদর্পণে আছে। প্রস্তাবনা পাঠাতে দুই-তিন দিনের বেশি লাগার কথা না।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার তত্ত্বাবধানে তৈরি হতে যাওয়া প্রস্তাবনায় এনজিওগ্রাম করার সুবিধাসহ যাবতীয় মেশিনারিজ থাকবে। এছাড়া দরকারি দক্ষ জনবলের চাহিদার কথাও উল্লেখ করা হবে।’
আজকের সভায় অন্যদের মধ্যে যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, সিভিল সার্জন ডা. মাসুদ রানা, সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আবু হাসনাত মো. আহসান হাবিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাতে যোগাযোগ করা হলে জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন সুবর্ণভূমিকে বলেন, সিসিইউ ও আইসিইউ পূর্ণাঙ্গরূপে চালু করতে যেসব রিকোয়ারমেন্ট আছে, তা দ্রুত প্রস্তাব আকারে মন্ত্রণালয়ে জমা দেওয়ার জন্য জেনারেল হাসপাতালের সুপারকে নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী অমিত। সুপারকে সহযোগিতা করবেন সিভিল সার্জন, মেডিকেল কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্টরা।