খুলনা অফিস
খুলনার বটিয়াঘাটা উপজেলার উত্তর রাঙ্গেমারী এলাকায় আজিজুল ইসলাম (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যার পর ওই এলাকার বটতলা-সংলগ্ন বিলে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি বাগেরহাট জেলার মোরেলগন্জ উপজেলার বকুলতলা এলাকার হাবিবুর রহমানের ছেলে। তিনি রূপসা সেতু বাইপাস সড়কের রুপা পেট্রোল পাম্প এলাকায় বসবাস করতেন।
বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় আজিজুল সাচিবুনিয়া বাইপাসের মোড়ে অবস্থান করছিলেন। ওই সময় চারটি মোটরসাইকেলযোগে এসে দুর্বৃত্ত তাকে তুলে নিয়ে যায়। পরবর্তীতে তাকে বিলের মধ্যে নির্জন স্থানে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। হত্যাকারীরা ফাঁকা গুলি ছুড়ে ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে ঘটনাস্থল হতে কোনো গুলির খোসা উদ্ধার হয়নি বলে পুলিশ জানিয়েছে।
নিহত ব্যক্তির গলা ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া আগেই তার উরুর নিচ থেকে একটি পা বিচ্ছিন্ন ছিল বলে স্থানীয়রা জানান।
পুলিশের ধারণা, মাদক সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। নিহত ব্যক্তির নামে মাদক, ডাকাতি এবং চাঁদাবাজি সংক্রান্ত সাতটি মামলা রয়েছে।
খবর পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যার ক্লু উদ্ঘাটনে কাজ শুরু করেছে। এছাড়া সিআইডির একটি টিমও ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে।