বাগেরহাট প্রতিনিধি
কচুয়া উপজেলা নির্বাচন অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে এক নারীকে ব্ল্যাকমেইল, হয়রানি এবং অনৈতিক প্রস্তাব দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী ওই নারী প্রতিকার ও নিরাপত্তার দাবিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন নির্বাচন অফিসের কর্মচারী সাইফুল (৩০) ও আসাদুজ্জামান (২৮)।
অভিযোগ সূত্রে জানা গেছে, ওই নারী মাস দুই আগে ভোটার হওয়ার জন্য স্থানীয় নির্বাচন অফিসে আবেদন করেন। আবেদনের সাথে জমা দেওয়া নথিপত্র থেকে তার মোবাইলফোন নম্বর সংগ্রহ করেন অভিযুক্ত দুইজন। এরপর থেকেই ভোটার কার্ড করে দেওয়ার নাম করে ওই নারীকে বারবার অফিসে ডাকা হতো এবং ব্যক্তিগতভাবে যোগাযোগের চেষ্টা করা হতো।
একপর্যায়ে অভিযুক্তরা কৌশলে ইমো ভিডিও কলের মাধ্যমে ওই নারীর ছবি ও ভিডিও ধারণ করেন। ভুক্তভোগীর দাবি, পরবর্তীতে সেই ছবি আর ভিডিও দেখিয়ে তাকে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেওয়া হয়।
লিখিত অভিযোগে ভুক্তভোগী নারী উল্লেখ করেন, তাদের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় অভিযুক্তরা ধারণকৃত ছবি ও ভিডিও তার স্বামী ও পরিবারের কাছে পাঠিয়ে সংসার ভেঙে দেওয়ার হুমকি দেয়। বিভিন্ন ইমো নম্বর ব্যবহার করে তাকে ক্রমাগত মানসিক হয়রানি ও ব্ল্যাকমেইল করা হচ্ছে। বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আলী হাসান ও উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহরিয়ার আলম জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তদন্তসাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তারা আশ্বস্ত করেছেন।