মাগুরা প্রতিনিধি
জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সোনিয়া সুলতানাকে আবার গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার মাগুরা জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। সেখান থেকে বের হওয়ার পরপরই জেল গেট থেকে তাকে ফের আটক করা হয়।
এর আগে তিনি মাগুরা জেলা আওয়ামী লীগের অফিস উদ্বোধনকালে সদর থানার একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে ছিলেন। বৃহস্পতিবার হাইকোর্ট থেকে তার জামিন মঞ্জুর করা হয়েছিল। জামিননামা কারাগারে পৌঁছানোর পর সকালে তিনি মুক্তি পেলেও কারাফটক থেকেই তাকে ফের হেফাজতে নেয় পুলিশ।
সদর থানার ওসি মো আব্দুল্লাহু আল মামুন জানান, নাশকতার (মাগুরা, জি আর ৩২৯ /২৪) মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।