লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি দোকান পুড়ে গেছে।
শুক্রবার (৮ মে) ভোররাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগওনে ওই বাজারের একটি হার্ডওয়্যার ও তিনটি ফার্নিচারের দোকান পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, লাহুড়িয়া বাজারের বকুল শেখের ‘সততা ফার্নিচার অ্যান্ড হার্ডওয়ার’ নামে একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান শিখা কিছুক্ষণের মধ্যে পাশের ফারুক বিশ্বাসের ‘একতা ফার্নিচার’-এ ছড়িয়ে পড়ে। এসময় আগুন দাউ দাউ করে জ্বলে উঠলে বাজারের মসজিদের মাইক থেকে বিষয়টি প্রচার করা হয়। তখন ব্যবসায়ী ও স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।
খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সোহাগউজ্জামান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত ঘটে। আগুনে একটি হার্ডওয়্যারের দোকান পুরোপুরি এবং দুটি ফার্নিচারের দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় লোকজন ও দমকল বাহিনীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যার ফলে আশেপাশের অনেক ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা করা সম্ভব হয়েছে।
এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সততা ফার্নিচার অ্যান্ড হার্ডওয়্যারের মালিক মো. বকুল শেখ জানান, তার একটি ফার্নিচার ও একটি হার্ডওয়্যারের দোকান পুড়ে গেছে। এতে প্রায় দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অপর ব্যবসায়ী একতা ফার্নিচারের মালিক মো. ফারুক বিশ্বাস জানান, তার দোকান পুড়ে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।