কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহ জেলা শহরের সাথে রেললাইন সংযোগ, মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন ও নদী সংস্কারের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সকালে রেললাইন, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে এ স্মারকলিপি পেশ করা হয়। জেলা প্রশাসকের পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়।
সেসময় কমিটির সভাপতি এনএম শাহজালাল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান পিন্টু, সদস্য প্রভাষক কামাল হোসেন, মুকুল হোসেন, অ্যাডভোকেট আসাদুল ইসলাম, আইয়ুব হোসেন রানা, শারমিন সুলতানা, হাফেজ কামরুল ইসলাম, মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
তারা বলেন, পার্শ্ববর্তী নড়াইল, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় রেল সংযোগ থাকলেও ঝিনাইদহ জেলা শহরে কোনো রেললাইন নেই। জেলা সদরে এখনো মেডিকেল কলেজ স্থাপিত হয়নি। আর উচ্চশিক্ষার জন্য সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের।
কমিটির নেতারা সকল সড়ক ও নবগঙ্গা নদী সংস্কার, পদ্মা নদীর দৌলতদিয়া-পাটুরিয়া পয়েন্টে সেতু নির্মাণেরও দাবি জানান।