স্টাফ রিপোর্টার
, যশোর
আধুনিক নার্সিং সেবার অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকী উপলক্ষে যশোরে যথাযোগ্য মর্যাদায় ও আনন্দমুখর পরিবেশে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে।
‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার যশোর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
সকালে যশোর নার্সিং ও মিডওয়াইফারি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। রালিতে নার্সিং সেবার অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেল সদৃশ এক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
র্যালিটি যশোর জেনারেল হাসপাতালের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের কলেজ চত্বরে এসে শেষ হয়। র্যালিতে নার্সিং কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং হাসপাতালে কর্মরত সিনিয়র স্টাফ নার্সরা অংশগ্রহণ করেন।
শেষে কলেজ চত্বরে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
কলেজ অধ্যক্ষ আরজিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে ইন্সট্রাক্টর স্বপ্না বিশ্বাস, খুকুমণি, নার্সিং সুপারভাইজার তাহমিনা আক্তার, তুতুল আক্তারসহ শিক্ষক, শিক্ষার্থী এবং হাসপাতালে কর্মরত সিনিয়র স্টাফ নার্সরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাস্থ্যসেবায় নার্সদের ভূমিকা অপরিসীম। বিশেষ করে বর্তমান যুগে উন্নত ও বিজ্ঞানসম্মত সেবার মাধ্যমে নার্সরা রোগীদের সুস্থ করে তুলতে নিরলস পরিশ্রম করছেন।
কলেজ অধ্যক্ষ আরজিনা খাতুন নার্সিং পেশার মর্যাদা রক্ষা এবং নার্সদের পেশাগত দক্ষতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সমাজের কল্যাণে এবং দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে নার্সদের ক্ষমতায়ন অপরিহার্য।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতি বছর ১২ মে বিশ্বজুড়ে আন্তর্জাতিক নার্স কাউন্সিরলের (আইসিএন) নির্দেশনায় দিবসটি পালন করা হয়।
সরকারি এই উদ্যোগের পাশাপাশি বিভিন্ন বেসরকারি নার্সিং প্রতিষ্ঠানও র্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করেছে।