পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় লাইসেন্সবিহীন ফার্মেসি পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ওষুধ সংরক্ষণ এবং নিয়মবহির্ভূতভাবে ওষুধ বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তর। অভিযানে সাতটি ফার্মেসি থেকে মোট ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রায় ২০ হাজার টাকা মূল্যের মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ওষুধ জব্দ করা হয়।
মঙ্গলবার (১২ মে) দুপুরে পৌর সদরের বিভিন্ন ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী। উপস্থিত ছিলেন খুলনা জেলা ও বিভাগীয় ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক মাখ্নুওন তাবাসসুম এবং জেলা ঔষধ তত্ত্বাবধায়ক সাদ্দাম হোসেন।
অভিযান চলাকালে বিভিন্ন ফার্মেসিতে তদারকি করে লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রিসহ যথাযথ নিয়ম না মেনে ওষুধ বিপণনের অভিযোগের সত্যতা পাওয়া যায়।
এসময় এবিকে ফার্মেসি, ডিজিটাল ইউনানী ফার্মেসি, জুয়েল ড্রাগ হাউজ, পাইকগাছা ইউনানী দাওয়াখানা, পপুলার ফার্মেসি, রোহিত ফার্মাসহ মোট সাতটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পৃথক মামলায় ভোক্তা অধিকার ও ওষুধ সংক্রান্ত বিভিন্ন আইনে জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ ওষুধ সরবরাহ নিশ্চিত করতে এমন অভিযান অব্যাহত থাকবে।