যশোর, বাংলাদেশ || বুধবার, ২৯ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

এক বছর পর ফের চালু হলো বিমানের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : সোমবার, ২৭ জুলাই,২০২৬, ১০:৪২ এ এম
এক বছর পর ফের চালু হলো বিমানের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

Subornovumi শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা-নারিতা রুটের উদ্বোধন অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। ছবি:

দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা (জাপান) সরাসরি ফ্লাইট। সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই রুটের ফ্লাইট চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, ভবিষ্যতে এই রুট আর বন্ধ করার কোনো সুযোগ নেই। আশা করছি এবার রুটটি লাভজনক হবে। ইতোমধ্যে উদ্বোধনী ফ্লাইটের পাশাপাশি ফিরতি ও পরবর্তী ফ্লাইটগুলোর অগ্রিম বুকিং সম্পন্ন হয়েছে। এটি জাপানপ্রবাসী বাংলাদেশিদের মধ্যেও ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।

মন্ত্রী আরও উল্লেখ করেন, এই ফ্লাইট পুনরায় চালু করা সকলের সম্মিলিত প্রচেষ্টার ফসল। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে পেরে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, সরাসরি এই ফ্লাইট চালুর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হবে। একই সঙ্গে দুই দেশের অর্থনীতি ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে। সরকার আশা করছে, এই রুট চালুর ফলে দুই দেশের মধ্যে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা এবং জনসম্পর্ক আরও শক্তিশালী হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত, এমপি। তিনি বলেন, জাপানে বসবাসরত প্রায় ৪৫ হাজার বাংলাদেশি শিক্ষার্থী, শ্রমিক ও অভিবাসীর স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের কথা বিবেচনায় রেখে আমরা ফ্লাইটটি চালু করেছি। এই সেবা যাতে আর কখনো বন্ধ না হয়, সেজন্য ভবিষ্যতের চাহিদা মাথায় রেখে শুধু বোয়িং নয়, এয়ারবাসের উড়োজাহাজও বিমানের বহরে যুক্ত করা হবে।

ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, ১৯৮০ সালে উড়োজাহাজ স্বল্পতা সত্ত্বেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাপান-বাংলাদেশ সম্পর্ক সুদৃঢ় করতে ঢাকা-নারিতা ফ্লাইট চালু করেছিলেন। আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ফ্লাইটটি সাধারণ যাত্রীদের জন্য পুনরায় চালু করা হলো।

বক্তব্য শেষে মন্ত্রী ও প্রতিমন্ত্রী জাপানগামী যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ফ্লাইটের উদ্বোধন ঘোষণা করেন।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের আমলে ২০২৫ সালের ১ জুলাই ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইটটি বন্ধ করা হয়েছিল। দীর্ঘ এক বছর পর আজ ২৭ জুলাই রাত ২টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 'বিজি ৩৭৬' ফ্লাইটটি জাপানের নারিতার উদ্দেশে ঢাকা ত্যাগ করে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)