সুবর্ণভূমি ডেস্ক
ইরানের নেতারা মনে করছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের তুলনায় তারাই দীর্ঘস্থায়ী অচলাবস্থা মোকাবিলা করে টিকে থাকার সক্ষমতা বেশি রাখেন।
যুদ্ধ বন্ধের প্রস্তাবিত আলোচনার আগে ট্রাম্প ও ইরানের নেতাদের মধ্যে পাল্টা হুমকি ও অপমানের লড়াই চললেও, শেষ পর্যন্ত ট্রাম্পের অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি ঘোষণাকে নিজেদের কৌশলগত জয় হিসেবে দেখছে তেহরান।
গত মঙ্গলবার রাতে ট্রাম্প জানান, ইরানের নেতাদের শর্তের জবাব দেওয়ার সুযোগ দিতেই এই সিদ্ধান্ত। তবে বিশ্লেষক আলী ভায়েজের মতে, ইরান মাসের হিসাবে সময় গণনা করলেও ট্রাম্প প্রশাসন ও বিশ্ব অর্থনীতি সপ্তাহভিত্তিক চাপের মুখে থাকে।
বিশেষ করে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ থাকায় বিশ্বের এক-পঞ্চমাংশ তেল ও গ্যাসের সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে, যার প্রভাব পড়ছে সারা বিশ্বে। তেলের দাম বৃদ্ধি এবং সার ও গ্যাসের তীব্র সংকটে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে, যা মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পকে চাপের মুখে ফেলেছে।
যদিও এই অচলাবস্থা সাধারণ ইরানিদের জন্য অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনতে পারে, তবুও ইরানের বিশ্বাস, বন্দর অবরোধের চাপ তারা সইতে পারলেও বিশ্ব অর্থনীতির এই সংকট ট্রাম্প বেশি দিন সহ্য করতে পারবেন না।