সুবর্ণভূমি ডেস্ক
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য ১ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৩ কোটি টাকা) পুরস্কার ঘোষণা করেছে ইরাকভিত্তিক ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী 'ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক' (আইআরআই)।
সংগঠনটি দাবি করেছে, তাদের সদস্য ও সমর্থকদের অনুদানের অর্থ থেকেই এই পুরস্কারের অর্থ পরিশোধ করা হবে। এক বিবৃতিতে ট্রাম্পকে ‘অপরাধী’ আখ্যা দিয়ে বলা হয়, যিনি বা যে গোষ্ঠী তাকে হত্যা করতে পারবে, তাকেই এই অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হবে।
সম্প্রতি এক বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালে ইরানের জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের মিলিশিয়া নেতা আবু মাহদি আল-মুহান্দিসকে হত্যার পেছনে নিজের ভূমিকার কথা পুনর্ব্যক্ত করেন। এর পরপরই সশস্ত্র গোষ্ঠীটির পক্ষ থেকে এই চরম ঘোষণা আসে। বিবৃতিতে গোষ্ঠীটি আরও উল্লেখ করে, শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়া তাদের জন্য ধর্মীয় ও নৈতিকভাবে বাধ্যতামূলক।
তবে আইআরআই-এর এই চাঞ্চল্যকর ঘোষণার বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।