কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কে রেজিস্ট্রেশনবিহীন বালিবোঝায় ড্রাম ট্রাক উল্টে সাত ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলপার আহত হয়েছেন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের আমলা সাগরখালী ব্রিজের ওপরে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা হলেন ড্রাম ট্রাকের চালক সেলিম আহম্মেদ (৩২) এবং চালকের সহকারী হৃদয় হোসেন (২০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী বালিবোঝায় একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের ওপর উঠে যায়। পরে ট্রাকটি উল্টে সড়কের ওপর আড়াআড়িভাবে পড়ে থাকে।
এতে সড়কের উভয় দিকে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এর ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে যাত্রীবাহী বাস, পণ্যবাহী যান ও জরুরি সেবার গাড়িগুলো আটকা পড়ে।
ফলে সাধারণ যাত্রী ও সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধারসহ যানজট নিরসনে কাজ করে।
বেলা ১১টার দিকে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের সহায়তায় ট্রাকটি ঘটনাস্থল থেকে সরিয়ে ফেলার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।