স্টাফ রিপোর্টার
, যশোর
নির্বাচনি প্রতিশ্রুতির একটি বাস্তবায়নের কাজ উদ্বোধন করলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
নির্বাচনের আগে প্রতিমন্ত্রী দীর্ঘদিনের বেহাল চাঁচড়া আরএইচডি থেকে রাজগঞ্জ জিসি সড়কের চার কিলোমিটার অংশ সংস্কার ও প্রশস্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। শুক্রবার সকালে প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে সড়কটির সংস্কার ও প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়নের জন্য কাজ করছেন। আপনারা (দলীয় নেতাকর্মী এবং এলাকাবাসী) নিজ নিজ এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করুন। আপনারা মাদক ও সন্ত্রাস নির্মূলে কাজ করুন।’
এলাকাবাসীকে সড়কের কাজে নিয়োজিত ঠিকাদারকে সহযোগিতা করার পাশাপাশি তার কাছ থেকে মানসম্মতভাবে কাজটি আদায় করে নেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, যশোর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান, জেলা বিএনপির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট হাজি আনিছুর রহমান মুকুল, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ও আশরাফুজ্জামান মিঠু, জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান, চাঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক ফজলুল আলম প্রমুখ।

উল্লেখ্য, গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় চাঁচড়া আরএইচডি থেকে রাজগঞ্জ জিসি সড়কের চার কিলোমিটার সড়ক সংস্কার ও প্রশস্ত করার কাজ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) যশোর। তিন কোটি ৭৩ লাখ ৯৯ হাজার ২২০ টাকা ব্যয়ে কাজটি বাস্তবায়ন করা হচ্ছে। এ কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান হলো মেসার্স সরদার ইন্টারন্যাশনাল।