বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ৪২ শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দেওয়া হয়েছে।
ক্রেস্ট, সনদপত্র ও বৃত্তির অর্থ পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। সন্তানদের সাফল্যে গর্বিত অভিভাবকেরাও।
শনিবার (৮ আগস্ট) সকালে মোরেলগঞ্জ মডেল একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আলীম। বিশেষ অতিথি ছিলেন মোরেলগঞ্জ উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম।
পুলিশ কর্মকর্তা (অব.) সুলতান আহম্মেদ ফকিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহাদাৎ হোসাইন, মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর রুহুল আমিন খান, ছবির আহম্মেদ আখন্দ, বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসনে আরা হাসি, শিক্ষক মেরাজুল ইসলাম খসরু, মিজানুর রহমান ও শহিদুল ইসলাম।
বক্তারা বলেন, মেধার স্বীকৃতি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী ও আত্মবিশ্বাসী করে। তবে ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল মোরেলগঞ্জ মডেল একাডেমির দুই ক্ষুদে শিক্ষার্থীর ইংরেজিতে অনুষ্ঠান সঞ্চালনা।
পরে অতিথিরা ৪২ শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, সনদপত্র ও বৃত্তির অর্থ তুলে দেন। আয়োজকেরা জানান, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।