লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলায় মধুমতী যুব সংঘের আয়োজনে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে লোহাগড়া পৌরসভা ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দিঘলিয়া ইউনিয়ন ফুটবল একাদশ।
শনিবার (৮ আগস্ট) বিকেলে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় মুখোমুখি হয় দুই দল।
নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে দিঘলিয়া ইউনিয়ন ফুটবল একাদশ ৩-১ গোলে লোহাগড়া পৌরসভা ফুটবল একাদশকে পরাজিত করে।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা যুবদলের আহ্বায়ক খান মাহমুদ আলম, বিএনপি নেতা আজম মৃধা, মধুমতী যুব সংঘের সভাপতি আব্দুল্লাহ আল ফারুক লেবু, সহসভাপতি বিপুল হোসেন, সাধারণ সম্পাদক হিসাম উদ্দিন মেম্বার, উপদেষ্টা ইমদাদুল হক মল্লিক ও শেখ মাহবুবুর রহমান।
স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে পুরো টুর্নামেন্টে উৎসবমুখর পরিবেশ ছিল। যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকেরা।