মাগুরা প্রতিনিধি
দেশকে অস্থিতিশীল করার অপপ্রচার, সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম বাধাগ্রস্ত করার অপচেষ্টা এবং সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে মাগুরার মহম্মদপুরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১২ আগস্ট) সকালে মহম্মদপুর সালিমা হক মহিলা ডিগ্রি কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইউএনও কার্যালয় ঘুরে মহম্মদপুর বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে দেশের গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতা নষ্ট করতে অপপ্রচার চালাচ্ছে। একই সঙ্গে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও প্রশাসনিক কার্যক্রম বাধাগ্রস্ত করার অপচেষ্টা চলছে। এসব অপতৎপরতার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি, অপপ্রচার ও ফ্যাসিবাদ পুনর্বাসনের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। দেশের শান্তি, গণতন্ত্র ও উন্নয়নের স্বার্থে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট খান রোকনুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মইমুর আলী মৃধা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মুকুল, আমিনুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মতিউর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক তরিকুল ইসলাম তারা, ছাত্রদলের শাকিল সরদার প্রমুখ।
এ সময় উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ থেকে বক্তারা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ সুসংহত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।