ঝিনাইদহ প্রতিনিধি
দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আব্দুর রাজ্জাক নামে এক ব্যবসায়ীকে জোর করে তুলে নিয়ে ভয়ভীতি দেখিয়ে জমির দলিলে স্বাক্ষর করিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর ছেলে শাহরিয়ার হোসেন।
অভিযুক্তরা হলেন শিকারপুর গ্রামের গফুর আলী মালিতার ছেলে মতিয়ার মালিতা (৫০), বল্টু বিশ্বাসের ছেলে মিল্টন বিশ্বাস (৩১) এবং পাদু মালিতা (৫০)। তারা ভুক্তভোগীর পাড়া-প্রতিবেশী বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে বলা হয়, অভিযুক্তদের সঙ্গে শাহরিয়ারের বাবা আব্দুর রাজ্জাকের দীর্ঘদিন ধরে জমি-জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। ৭ আগস্ট সকালে তার বাবা ঝিনাইদহ শহরের হাটের রাস্তায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে ছিলেন। এসময় তাকে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করতে বলা হয় এবং স্বাক্ষর না করলে হত্যার হুমকি দেওয়া হয়।
অভিযোগপত্রে আরও বলা হয়, পরে অভিযুক্তরা জোরপূর্বক তার বাবার কাছ থেকে স্ট্যাম্পে স্বাক্ষর নেন এবং বিষয়টি কাউকে জানালে পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দেন।
এ ছাড়া ৯ আগস্ট সন্ধ্যার দিকে অভিযুক্তরা আবারও তার বাবাকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে গিয়ে জমি রেজিস্ট্রি করে নেওয়ার চেষ্টা করে। সে সময় পুলিশ সুপারের সাহায্য নিয়ে তাকে উদ্ধার করা হয়। কিন্তু এখনও তারা হুমকি অব্যাহত রেখেছে বলে দাবি করেন শাহরিয়ার হোসেন।
শাহরিয়ার বলেন, কবলা দলিল মুলে আমরা এই জমির মালিক। কিন্তু প্রতিপক্ষ জোরপূর্বক জমিটি ছিনিয়ে নিতে চান। অব্যহতভাবে আমাদের হুমকি দিয়ে যাচ্ছেন। এই নিয়ে আমরা চরম নিরাপত্তাহীনতাই দিন পার করছি।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আসাদউজ্জামান বলেন, একটা অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।