কয়রা (খুলনা) প্রতিনিধি
‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার কয়রায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বেলা ১১টায় কয়রা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রথমে উপজেলা সদরে র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কয়রা-পাইকগাছা আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মৃন্ময় কুমার মণ্ডলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন কয়রা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. হাসানুজ্জামান, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জিএম মাওলা বকস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিয়াছাদ আলী, মৎস্যচাষি ও ইউপি সদস্য নুরুল ইসলাম খোকা, মিনারুল ইসলাম, মৎস্য ব্যবসায়ী মো. আকবার হোসেন, রোকনুজ্জামান, নিরঞ্জন মণ্ডলসহ অনেকে।
আলোচনা সভায় বক্তারা মৎস্য উৎপাদন বৃদ্ধি, দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণ, নিরাপদ মাছ উৎপাদন এবং মৎস্যচাষি ও ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা শেষে মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় তিনজন মৎস্যচাষিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে রুইজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।