চুয়াডাঙ্গা প্রতিনিধি
এক ভারতীয় নাগরিকসহ পাঁচজনকে জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করা হয়েছে।
বুধবার সকালে এই ঘটনা ঘটে। পরে বেনীপুর গ্রামের তিনরাস্তা মোড় এলাকায় অবস্থানকালে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
ওইসময় তাদের সাথে থাকা স্থানীয় দুই যুবককেও আটক করা হয়। পরে মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন- ভারতের হাওড়া জেলার রাজাপুর থানার সুতায়পুর গ্রামের রায়হান হোসেন (২০), বাগেরহাটের শরণখোলা উপজেলার খুন্তাকাটা গ্রামের আব্দুস শুকুর খান (২৪), চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার মোল্লাভর গ্রামের নয়ন আক্তার (২১), মৌলভীবাজার সদরের মোজফফরাবাদ গ্রামের শারমিন আক্তার রুমি (২৪) এবং তার চার বছরের মেয়ে হামিদা।
এছাড়াও তাদের সাথে থাকা জীবননগর উপজেলার বেনীপুর ঘোষপাড়ার হাসিবুর রহমান হাসিব (২০) এবং বেনীপুর মাঠপাড়ার আসমাউল হোসেনকে (১৯) আটক করেছে পুলিশ।
এজাহার সূত্রে জানা যায়, সকালে বেনীপুর সীমান্ত দিয়ে ওই পাঁচজনকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইন করা হয়। সকাল ১০টার দিকে জীবননগর থানার এসআই হাফিজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বেনীপুর গ্রামের তিনরাস্তা মোড়ে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে ওই সাতজনকে আটক করা হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, আটককৃতরা বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। তাদের বিরুদ্ধে ১৯৭৩ সালের বাংলাদেশ পাসপোর্ট আদেশের ১১(১)(গ) ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।’