খুবি প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে শহিদ মীর মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতা-২০২৬।
১৯ আগস্ট (বুধবার) বিকেলে শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে বিজয় ’২৪ হলের সামনের মাঠে প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, জুলাই আন্দোলনে শহিদ মীর মুগ্ধর স্মৃতি খুলনা বিশ্ববিদ্যালয়ে সবসময় অম্লান থাকবে। মীর মুগ্ধ খেলাধুলার প্রতিও অত্যন্ত নিবেদিত ছিলেন। তার স্মরণে টানা তৃতীয়বারের মতো এ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক অংশগ্রহণের মধ্য দিয়ে খেলাগুলো দর্শকদের জন্য উপভোগ্য হয়ে উঠবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নাজমুস সাদাত।
তিনি বলেন, শহিদ মীর মুগ্ধর মুগ্ধতা খুলনা বিশ্ববিদ্যালয় সবসময় মনে রাখবে। তার নামে আয়োজিত এই টুর্নামেন্ট বিশেষ গুরুত্ব বহন করে।
তিনি খেলায় সবসময় স্পোর্টসম্যানশিপ বজায় রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী।
তিনি বলেন, এ প্রতিযোগিতা শুরুর মধ্য দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। এই পরিবেশ যাতে পুরো টুর্নামেন্টজুড়ে বজায় থাকে এবং খেলাগুলো যাতে উপভোগ্য হয়, সেদিকে নজর দিতে হবে। মাঠের প্রতিদ্বন্দ্বিতা মাঠের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে শহিদ মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, শহিদ মীর মুগ্ধর নামে এই টুর্নামেন্ট আয়োজন করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ। মীর মুগ্ধ তার পরিবারের পর সবচেয়ে বেশি ধারণ করতেন খুলনা বিশ্ববিদ্যালয়কে। তার নাম খুলনা বিশ্ববিদ্যালয়ে সবসময় জাগ্রত থাকবে। তার আদর্শকে ধারণ করে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উজ্জীবিত হতে হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক প্রফেসর ড. মো. সালাউদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংশ্লিষ্ট বিভাগের উপ-পরিচালক মো. মঈনুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানের পর উপাচার্য দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন ও কুশল বিনিময় করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিনের প্রধানসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচের মুখোমুখি হয় বংলা ডিসিপ্লিন ও এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিন। খেলাটি ১-১ গোলে ড্র হয়।