কয়রা (খুলনা) সংবাদদাতা
খুলনার কয়রায় কপোতাক্ষ নদী থেকে অবৈধভাবে সংগৃহীত প্রায় ২০০ কেজি ঝিনুক পাচারের সময় একটি ট্রাক জব্দ করেছে বন বিভাগ ও স্থানীয় থানা পুলিশ। নদী ও প্রকৃতির সম্পদ রক্ষায় চালানো এই যৌথ অভিযানে দু’জনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।
বন বিভাগ সূত্র জানায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কয়রা উপজেলার আমাদি ইউনিয়নের একটি পরিত্যক্ত ইটভাটা-সংলগ্ন কপোতাক্ষ নদের তীরে এ যৌথ অভিযান চালানো হয়। সেখান থেকে ঝিনুকবোঝাই ‘খুলনা মেট্রো-১১-১১২২’ নম্বরের একটি ট্রাক জব্দ করা হয়।
নদী থেকে তোলা প্রায় ২০০ কেজি ঝিনুক এ সময় উদ্ধার করার পাশাপাশি ঘটনাস্থল থেকেই নড়াইলের পলাশ সরদার (৪৫) ও ট্রাকচালক মিঠু সানা (৩৮) নামে দুইজনকে আটক করা হয়।
স্থানীয় অধিবাসীরা জানান, দীর্ঘদিন ধরে সুন্দরবনসংলগ্ন কপোতাক্ষ ও শাকবাড়িয়া নদীর তলদেশ থেকে ড্রেজিং মেশিনের সাহায্যে অবৈধভাবে শামুক ও ঝিনুক তুলে পাচার করছে একটি অসাধু চক্র। এর ফলে নদীর প্রাকৃতিক পরিবেশ, জলজ জীববৈচিত্র্য এবং সামগ্রিক পরিবেশগত ভারসাম্য চরম হুমকির মুখে পড়ছে।
পশ্চিম সুন্দরবনের কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা ও ডেপুটি রেঞ্জার নাসির উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কপোতাক্ষ নদে অভিযান চালিয়ে ঝিনুকসহ ট্রাকটি আটক করা হয়। আদালতের নির্দেশ অনুযায়ী উদ্ধার করা ঝিনুকগুলো আবার শাকবাড়িয়া নদীতে অবমুক্ত করা হয়েছে।
খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. সাজমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় বন আইনে মামলা করা হয়েছে এবং আসামিদের কয়রা উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।