অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের ধুলগ্রামের চাঁদের বিলে ডিঙি নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে পল্লী ওয়েলফেরার অ্যাসোসিয়েশনের আয়োজনে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা. এটিএম মঞ্জুর মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্দিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম।
চাঁদের বিলে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার মোট ১৭টি ডিঙি নৌকা অংশ নেয়। এতে প্রথম স্থান অধিকার করে ইমান আকুঞ্জির নৌকা ও দ্বিতীয় স্থান অধিকার করে দীপঙ্কর সরকারের নৌকা।
পল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক এসএম নজরুল ইসলাম বলেন, গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে ডিঙি নৌকাবাইচ প্রতিযোগিতার গভীর সম্পর্ক রয়েছে। আধুনিকতার প্রভাবে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই আয়োজন করা হয়েছে।
সিদ্দিপাশা ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম বলেন, ডিঙি নৌকাবাইচ শুধু বিনোদন নয়, এটি গ্রামীণ জনপদের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ।