খুলনা অফিস
ক্রিসেন্ট জুট মিলে ফিড কারখানা চালুর প্রতিবাদ ও পাটকলটি পুনরায় চালুর দাবিতে খালিশপুরে শ্রমিকদের অবস্থান কর্মসূচি।
ছবি:
খুলনার ক্রিসেন্ট জুট মিলে ফিড কারখানা চালুর প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন পাটকল শ্রমিকরা। রোববার সকাল থেকে খালিশপুরে অবস্থিত মিলটির প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালিত হয়।
জাতীয়তাবাদী পাটশ্রমিক দল খুলনা অঞ্চলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বন্ধ হয়ে যাওয়া জুট মিলগুলোর শ্রমিকরা অংশ নেন। আন্দোলনকারীদের অভিযোগ, মিলটির ইজারাগ্রহীতা প্রতিষ্ঠান মাহবুব অ্যান্ড কোম্পানি পাটকলের স্থলে ফিড কারখানা চালু করেছে।
রোববার সকালে বন্ধ হয়ে যাওয়া প্লাটিনাম, দৌলতপুর, ক্রিসেন্ট ও খালিশপুর জুট মিলের শ্রমিকরা ক্রিসেন্ট জুট মিলের প্রধান ফটকের সামনে সমবেত হন। পরে তারা মিল চালুর দাবিতে বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে সেখানে অবস্থান কর্মসূচি শুরু হয়, যা বিকেল পর্যন্ত চলে।
জাতীয়তাবাদী শ্রমিক দলের খালিশপুর আঞ্চলিক কমিটির আহ্বায়ক আবু দাউদ দীন মোহাম্মদ মৃধার সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন খালিশপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুস, প্লাটিনাম এমপ্লয়িজ ইউনিয়নের সাবেক সহসভাপতি আশরাফ হোসেন, খুলনা বিভাগীয় খাদ্য পরিবহন সড়ক পথ কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ হুমায়ুন কবির, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল, সাধারণ সম্পাদক সবুজ হাওলাদার, ক্রিসেন্ট শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, খালিশপুর শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সহসম্পাদক মনির হোসেন, শ্রমিক নেতা মোশারফ হোসেন, মঈন উদ্দীন, সেলিম, আবদুর রাজ্জাক তালুকদার, সাইদুল ইসলাম ও আনোয়ার হোসেন।
বক্তারা অবিলম্বে মুরগির ফিড কারখানা বন্ধ করে ক্রিসেন্ট জুট মিলকে পুনরায় পাটকল হিসেবে চালুর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।