কুষ্টিয়া প্রতিনিধি
ছবি: প্রতীকী ছবি
কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় খন্দকার এহসান হাবীব (৬০) নামে এক অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে দৌলতপুর উপজেলার আনসার-ভিডিপি ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এহসান হাবীব দৌলতপুর উপজেলার হাকিমপুর গ্রামের মৃত খন্দকার হাসমত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে মোটরসাইকেলে করে দৌলতপুর থেকে উপজেলা পরিষদের দিকে যাচ্ছিলেন এহসান হাবীব। আনসার-ভিডিপি ব্যাংকের সামনে পৌঁছালে একটি পাখিভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি রাস্তায় পড়ে যান। এসময় পেছন থেকে আসা একটি ট্রলির সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।