কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
শিক্ষার্থীদের অতীত ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে ঝিনাইদহে ডাকটিকিট, মুদ্রা ও এন্টিক সামগ্রীর প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ঝিনাইদহ ল্যাবরেটরি স্কুলে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।
প্রদর্শনীতে দেশ-বিদেশের বিভিন্ন সময়ের ডাকটিকিট, পুরোনো মুদ্রা, নোটসহ নানা ধরনের দুর্লভ ও ঐতিহাসিক সামগ্রী স্থান পায়। এসব ব্যতিক্রমী সংগ্রহ দেখতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা দেখা যায়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে ইতিহাস জানার আগ্রহ বাড়ানো এবং তাদের অতীতের দেশীয় ও বৈদেশিক মুদ্রা ও ডাকটিকিটসহ বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে ঝিনাইদহ কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ বি সি বিশ্বাস, বিদ্যালয়ের পরিচালক ইসাহাক আলী, প্রধান শিক্ষক লিজা ফেরদৌস, মর্নিংবেল চিলড্রেন একাডেমির পরিচালক শাহিনুর আলম লিটনসহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।