মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে সুন্দরবনের কটকা এলাকায় জোয়ারের পানিতে ভেসে আসা প্লাস্টিক ও পলিথিন বর্জ্য অপসারণ করছেন মহেশপুর প্রেস ক্লাবের সাংবাদিকরা—
ছবি:
পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে দুই দিনের পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে মহেশপুর প্রেস ক্লাব। সফরকালে বনের কটকা, কচিখালী ও ডিমেরচর এলাকায় জোয়ারের পানিতে ভেসে এসে আটকে থাকা বিপুল পরিমাণ প্লাস্টিক ও পলিথিন বর্জ্য অপসারণ করা হয়।
অভিযানে সংগৃহীত অপচনশীল বর্জ্যগুলো যথাযথ প্রক্রিয়ায় ধ্বংস করার জন্য কটকার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর হাসান এবং কচিখালীর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ মজুমদারের কাছে হস্তান্তর করা হয়। মহেশপুর প্রেস ক্লাবের এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেছেন শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শরিফুল ইসলাম।
বর্জ্য অপসারণ কার্যক্রমে সহযোগিতা করেন শরণখোলা প্রেস ক্লাবের সভাপতি শেখ মোহাম্মদ আলী ও বাগেরহাট প্রেস ক্লাবের আজীবন সদস্য অরিন্দম দেবনাথ। মহেশপুর প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ বাবর আলী বাবুর নেতৃত্বে অভিযানে আরও অংশগ্রহণ করেন সাংবাদিক আবুল কাসেম, মাহমুদুল হাসান মিলন, ওসমান গনি, নাজমুল হাসান, আব্দুল হামিদ, শামীম আহমেদ, আব্দুল হালিম চঞ্চল, মেহেদী হাসান সিরাজি, খালিদ হোসেন, আসাদুল ইসলাম, শাহাদাৎ হোসেন ও নাঈম।
সংশ্লিষ্টরা জানান, জোয়ারের পানির সঙ্গে ভেসে আসা প্লাস্টিক ও পলিথিন বনের স্থলভাগে আটকে থেকে দীর্ঘমেয়াদি পরিবেশ দূষণ ঘটায়। এতে বন্য প্রাণী ও জলজ পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ে। সুন্দরবনের ভারসাম্য ও পরিবেশ সুরক্ষায় সাংবাদিক, পরিবেশকর্মী ও পর্যটকসহ সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তারা।