মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
অনলাইনে অবৈধ জুয়া পরিচালনার অভিযোগে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার রাতে উপজেলার পদ্মপুকুর পশ্চিম পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—পদ্মপুকুর পশ্চিমপাড়া গ্রামের ফাতেউল আলম ও তার ছেলে আকাশ রহমান। অভিযানকালে জুয়া খেলায় ব্যবহৃত আটটি কম্পিউটার মনিটর, আটটি সিপিইউ, দুটি ইউপিএস এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ফাতেউল আলমের অপর এক ছেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, পদ্মপুকুর পশ্চিম পাড়া গ্রামের নিজ বাড়িতে বসে অনলাইনে জুয়া পরিচালনা করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় অনলাইনে জুয়া পরিচালনা করা অবস্থায় বাবা ও ছেলেকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
ঝিনাইদহ ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে গোপনে অনলাইনে এই অবৈধ জুয়ার কারবার চালিয়ে আসছিলেন। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং পালিয়ে যাওয়া অপর আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।