স্টাফ রিপোর্টার
, যশোর
জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে আগ্রহী শিক্ষার্থী ও যুবকদের জন্য ভাষা শিক্ষার বিশেষায়িত প্রতিষ্ঠান ‘আওয়াজি জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার’-এর যশোর শাখা উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় যশোর শহরের আরএন রোডে আইসিবি ব্যাংক ভবনের দ্বিতীয় তলায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন শাখা উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মুজিবর রহমান তালুকদার।
এ সময় যশোর কেন্দ্রের পরিচালক সুজাউদ্দিন মাহমুদ পিয়ালসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জাপানে পড়াশোনা কিংবা চাকরির ক্ষেত্রে সফলতার জন্য জাপানি ভাষা দক্ষতার কোনো বিকল্প নেই। এই প্রতিষ্ঠানের মাধ্যমে সঠিক গাইডলাইন ও ভাষা শিখে এ পর্যন্ত অর্ধশতাধিক শিক্ষার্থী ও যুবক জাপান অ্যাম্বাসির নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সফলভাবে সেদেশে গেছেন।
আয়োজকরা জানান, প্রাথমিক পর্যায়ে যশোরে তিনটি পৃথক ব্যাচে এই ভাষা শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে। নতুন শাখা উদ্বোধন উপলক্ষে বিশেষ ছাড়ের আওতায় মাত্র পাঁচ হাজার টাকায় শিক্ষার্থীরা এই কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
ঢাকা, চাঁদপুর ও কুমিল্লার পর দেশের চতুর্থ আঞ্চলিক কেন্দ্র হিসেবে যশোরে এই ল্যাঙ্গুয়েজ সেন্টারের শাখা চালু করা হলো।