মাগুরা প্রতিনিধি
পরিবেশগত ছাড়পত্র না থাকায় মাগুরার মহম্মদপুর উপজেলার তিনটি ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে মেসার্স সীমান্ত ব্রিকস, মেসার্স নদী ব্রিকস এবং মেসার্স নাবা ব্রিকস নামে ইটভাটাগুলোতে এ অভিযান চালানো হয়।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক প্রসিকিউটর কমল কুমার বর্মন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ জানায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর ৪, ৫ ও ৬ ধারার বিধান লঙ্ঘনের অপরাধে ওই তিনটি ইটভাটার প্রত্যেকটিকে পাঁচ লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়।
এই অভিযানে জেলা পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার এবং পরিবেশ অধিদপ্তরের সদস্যরা সহযোগিতা প্রদান করেন। পরিবেশ রক্ষার্থে জেলাজুড়ে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।