স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে মাছবাহী পিকআপের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মা ও তার চার বছরের ছেলের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় মোটরসাইকেলচালক আহত হয়েছেন।
রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে যশোর-রাজগঞ্জ সড়কের তালতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন মৌসুমি (৩২) ও তার ছেলে আব্দুর রহমান (৪)।
তাদের বাড়ি যশোরের মণিরামপুর উপজেলার হানুয়ার গ্রামে। মৌসুমির স্বামীর নাম ওমর ফারুক।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, চিকিৎসকের পরামর্শ নিতে শিশুসন্তানকে নিয়ে যশোরে এসেছিলেন ওই নারী। সন্ধ্যায় ভাড়ায় চালিত মোটরসাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন তারা। পথে তালতলা এলাকায় পেছন থেকে একটি মাছবাহী পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলচালকসহ তিনজন আহত হন।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই মা ও ছেলের মৃত্যু হয়।
হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক রাজিব রায়চৌধুরী জানান, মা ও ছেলের মাথায় আঘাত ছিল। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।