স্টাফ রিপোর্টার
, যশোর
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা শাহাদাতবরণ করেছেন তাদের অধিকাংশই শ্রমিক। তাই আমাদের বড় অঙ্গীকার হলো শ্রমিকদের কাজের পরিবেশ ফিরিয়ে দেওয়া।
তিনি বলেন, কর্মসংস্থান সংকট সমাধান এবং বন্ধ হয়ে যাওয়া সরকারি কলকারখানাগুলো পুনরায় চালুর বিষয়ে সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে।
বৃহস্পতিবার সকালে মহান মে দিবস উপলক্ষে যশোর জেলা প্রশাসন আয়োজিত র্যালি-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সরকার শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছে।
এছাড়া কৃষক ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে শ্রমিক পরিবারগুলোতে সচ্ছলতা আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
প্রান্তিক মানুষের কল্যাণে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, কৃষকদের দশ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে।
অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে আগামী তিন মাস বিশেষ খাদ্য সহায়তা দেওয়া হবে। এই উদ্যোগগুলো একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ তৈরির সহায়ক হবে।
সমাবেশ শেষে প্রতিমন্ত্রী বেলুন ও ফেস্টুন উড়িয়ে মে দিবসের বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রফিকুল হাসান, পুলিশ সুপার রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা মে দিবসের তাৎপর্য এবং শ্রমিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।