মাগুরা ও মহম্মদপুর প্রতিনিধি
সংস্কৃতির মান উন্নয়নে আবারও যাত্রা, নাটক চালু হবে। ফ্যাসিস্ট সরকার শিক্ষার পাশাপাশি সংস্কৃতি শেষ করেছে। সমাজ ধ্বংস করে ইতিহাস পাল্টে দিয়েছে। শনিবার দুপুরে মাগুরা মহম্মপুর উপজেলার নির্বিশখালী খাল পুনঃখনন পরিদর্শনকালে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়চৌধুরী এমপি এসব কথা বলেন।
তিনি বলেন, বিদেশি অপসংস্কৃতি এই দেশে সব সময় দেখানো হয়েছে। গণমাধ্যমের কর্মীদের একটা অংশকে তাদের সেবাদাস বানিয়েছিল। শিক্ষা, মেধা, সুপরিকল্পিতভাবে শেষ করে দিয়েছে আওয়ামী লীগ সরকার ।
পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) আওতায় মহম্মদপুর উপজেলা রামপুরা স্লুইচগেট থেকে বালিদিয়া নির্বিশখালী পর্যন্ত খাল পুনঃখনন করা হচ্ছে। এ কাজে দুই কোটি ৭১ লাখ ৬১ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে।
পরিদর্শনকালে সংস্কৃতিমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এই কাজে দুর্নীতি হলে, যে দুর্নীতি করবে তার বিরুদ্ধে এবং পিআইও'র নামে মামলা হবে। একেবারে বাড়ি পাঠিয়ে দেবো।’
তিনি বলেন, ‘প্রতিদিন খাল খননের কাজে কতজন কাজ করলো আর কতজন বিল নিলো, এটার সঠিক হিসাব রাখতে হবে। প্রয়োজনে এখানে আমি গোয়েন্দা লাগিয়ে রাখবো।’
মহম্মদপুর উপজেলার বাবুখালী ও দীঘা ইউনিয়নের রায়পুর স্লুইচগেট থেকে নির্বিশখালী পর্যন্ত প্রায় ৮ দশমিক ২৫০ কিলোমিটার খাল খনন কাজ চলছে।
মন্ত্রী নিতাই রায়চৌধুরী শনিবার খাল খনন কাজের অগ্রগতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
দীর্ঘ দিনের জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সমস্যার সমাধানে এ খাল পুনঃখনন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মহম্মদপুর উপজেলা পিআইও রাশেদুল ইসলাম জানান, প্রতিদিন প্রায় ৮৯২ জন শ্রমিক এই প্রকল্পে কাজ করছেন। ৪ মে শুরু হওয়া এ কার্যক্রম নিয়মিত মনিটরিং করা হচ্ছে।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।