যশোর, বাংলাদেশ || রবিবার, ২১ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিশ্বকাপে জাপানের সবচেয়ে বড় জয়, তিউনিসিয়ার বিদায়

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : রবিবার, ২১ জুন,২০২৬, ০২:২৮ পিএম
আপডেট : রবিবার, ২১ জুন,২০২৬, ০৩:০৪ পিএম
বিশ্বকাপে জাপানের সবচেয়ে বড় জয়, তিউনিসিয়ার বিদায়

বিশ্বকাপের হাজারতম ম্যাচটিকে নিজেদের ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় ম্যাচ হিসেবে রাঙিয়ে রাখলো জাপান। তিউনিসিয়ার বিপক্ষে ৪-০ গোলের দাপুটে জয় তুলে নিয়ে শুধু মহামূল্যবান তিন পয়েন্টই অর্জন করেনি ‘সামুরাই ব্লু’রা, একই সঙ্গে গড়েছে একাধিক নতুন রেকর্ডও। অন্যদিকে, এই লজ্জাজনক হারের ফলে টুর্নামেন্ট থেকে গ্রুপ পর্বেই বিদায় নিশ্চিত হয়েছে তিউনিসিয়ার।

মেক্সিকোর এস্তাদিও মন্টেরেইয়ে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই তিউনিসিয়ার ওপর চরম আধিপত্য দেখায় জাপান। ম্যাচের মাত্র চতুর্থ মিনিটেই দাইচি কামাদার চোখধাঁধানো গোলে এগিয়ে যায় তারা। কেইতো নাকামুরার ক্রস থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে বিশ্বকাপে জাপানের ইতিহাসের দ্রুততম গোলটি করেন কামাদা।

এরপর ম্যাচের ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আয়াসে উয়েদা। মাঝমাঠ থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে একক নৈপুণ্যে এগিয়ে গিয়ে দূরপাল্লার এক দুর্দান্ত শটে তিউনিসিয়ার জালে বল জড়ান তিনি। ফলে দুই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় এশিয়ার পরাশক্তিরা।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার বিন্দুমাত্র কমায়নি জাপান। ম্যাচের ৬৯ মিনিটে উয়েদার দারুণ ফ্লিক থেকে বল পেয়ে জুনিয়া ইতো স্কোরলাইন ৩-০ করেন। এরপর ৮৩ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন ম্যাচ হিরো আয়াসে উয়েদা। তার নিখুঁত হেডে আসে জাপানের বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় জয়ের নতুন রেকর্ড।

এই ঐতিহাসিক জয়ের মাধ্যমে ফুটবল বিশ্বকাপে প্রথমবারের মতো কোনো এক ম্যাচে চার গোল করার কীর্তি গড়লো সূর্যোদয়ের দেশটি। একই সঙ্গে দুই ম্যাচ শেষে চার পয়েন্ট নিয়ে নকআউট পর্বের দৌড়ে নিজেদের অবস্থান বেশ শক্ত করেছে তারা। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে এই গ্রুপের শীর্ষে রয়েছে পরাশক্তি নেদারল্যান্ডস।

অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে সুইডেনের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর, নতুন হাইপ্রোফাইল কোচ হার্ভে রেনারের অধীনেও ঘুরে দাঁড়াতে পারলো না তিউনিসিয়া। টানা দ্বিতীয় বড় পরাজয়ে এক ম্যাচ বাকি থাকতেই তাদের বিশ্বকাপ যাত্রার করুণ ইতি ঘটলো।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)