স্টাফ রিপোর্টার
, যশোর
নাশকতার অভিযোগে দায়ের করা একটি মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাসহ আওয়ামী রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট আটক পাঁচজনকে কারাগরে পাঠানো হয়েছে।
সোমবার ভোরে তাদের আটক করে কোতোয়ালি থানা পুলিশ। দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আটক পাঁচজন হলেন, যশোর জেলা ছাত্রলীগের সহসভাপতি ও শেখহাটি দক্ষিণপাড়ার বাসিন্দা রফিকুল আলমের ছেলে কায়েস আহম্মেদ রিমু, শংকরপুর আশ্রম রোড এলাকার যুবলীগ নেতা কামাল হোসেন তুহিনের ছেলে রোবায়েত হোসেন রোহান, শংকরপুর পশু হাসপাতাল এলাকার মৃত জালাল উদ্দীনের ছেলে তরিকুল ইসলাম, পুলিশ লাইন এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে ও ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক নেতা আরিফুল ইসলাম এবং খড়কি এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে গোলাম কিবরিয়া।
মামলার তদন্ত কর্মকর্তা ও যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অনুপ কুমার মণ্ডল জানান, মাগুরা-যশোর রুটে চলাচলকারী ‘রাহিন স্পেশাল’ নামে একটি যাত্রীবাহী বাস ২০২৫ সালের ১২ নভেম্বর রাতে যশোর শহরের উপশহর ঈদগাহ রোড এলাকায় পার্কিং করা ছিল। পরদিন ভোরে বাসটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এ ঘটনায় বাসটির কয়েকটি আসন, ইঞ্জিন বক্স এবং অভ্যন্তরীণ বিভিন্ন অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। পরে এ ঘটনায় নাশকতার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের ধারাবাহিকতায় সোমবার ভোরে যশোর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তিনি আরও জানান, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের জন্যও পুলিশ কাজ করছে।