মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলায় আবারও পল্লী বিদ্যুতের সেচ ট্রান্সফরমার চুরি হয়েছে। এক রাতের ব্যবধানে কৃষকদের ৬টি ট্রান্সফরমার চুরি হওয়ায় চলতি মৌসুমে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা এতে চরম উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ।
রবিবার (২২ জুন) গভীর রাতে উপজেলার চেংগাড়া এলাকার ধর্মচাকী মাঠে এ চুরির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানিয়েছে, ধর্মচাকী গ্রামের কৃষক জিয়াউর রহমান ও আনারুল ইসলাম এবং চেংগাড়া গ্রামের আব্দুল গনি, মফিজুল ইসলাম ও মকবুল হোসেনের সেচ সংযোগের মোট ৬টি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। সকালে মাঠে গিয়ে ট্রান্সফরমার দেখতে না পেয়ে কৃষকরা বিষয়টি জানতে পারেন।
ক্ষতিগ্রস্তরা জানান, এখন জমিতে নিয়মিত সেচের প্রয়োজন রয়েছে। এই সময়ে ট্রান্সফরমার চুরি হওয়ায় সেচ কার্যক্রম বন্ধ হয়ে গেছে। দ্রুত নতুন ট্রান্সফরমার স্থাপন করা না হলে ফসলের উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
তারা আরও বলেন, সম্প্রতি এলাকায় ট্রান্সফরমার চুরির ঘটনা বেড়ে গেছে। বারবার এমন ঘটনা ঘটলেও চোর চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব না হওয়ায় কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
রাতের বেলায় মাঠ এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং ট্রান্সফরমার চুরি রোধে প্রশাসন ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ জানান, ট্রান্সমিটার চুরির ঘটনায় ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাটির তদন্ত চালাচ্ছে।