মণিরামপুর (যশোর) প্রতিনিধি
মণিরামপুরে তুলা পাড়তে গিয়ে শিমুল গাছ থেকে পড়ে ইসমাইল হোসেন (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার ভরতপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন ওই গ্রামের মৃত আকমল হোসেনের ছেলে।
নিহতের ভাইপো শিক্ষক মোস্তফা কামাল লাভলু জানান, শুক্রবার সকালে বাড়ির অদূরে নিজেদের শিমুল গাছে তুলা পাড়তে ওঠেন তার চাচা ইসমাইল হোসেন। গাছে বাঁশ বেঁধে ওপরে ওঠার একপর্যায়ে হঠাৎ হাত ফসকে তিনি নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরিবারের সদস্যরা তবু তাকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুদ্দিন বলেন, ‘সকাল সাড়ে ৯টার দিকে স্বজনেরা ইসমাইল হোসেনকে হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।’
মণিরামপুর থানার ডিউটি অফিসার এসআই অপর্ণা বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।