স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের মণিরামপুরে বাইসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত মিলন দাস (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোরে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মিলন দাস মণিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নের পাচকড়ি গ্রামের হাজরা দাসের ছেলে।
নিহতের ছেলে প্রদীপ দাস জানান, গত বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে মিলন দাস ফকিরহাট বাজার থেকে কাজ শেষ করে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে টেকের ব্রিজ নামক স্থানে পৌঁছালে বাইসাইকেলটি স্লিপ করে তিনি রাস্তার ওপর পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়। হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের ওয়ার্ড চিকিৎসক ডাক্তার সিরাজুল ইসলাম জানান, রোগীর অবস্থা শুরু থেকেই আশঙ্কাজনক ছিল। অতিরিক্ত অভ্যন্তরীণ রক্তক্ষরণের (ইন্টার্নাল হেমোরেজ) কারণে তার মৃত্যু হয়েছে। বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।