মেহেরপুর প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনে মেহেরপুরে পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে শহরের কলেজ মোড়ে অবস্থিত বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়।
প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির এবং মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজ উদ্দিন খান। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট, সিভিল সার্জন কার্যালয়, ইসলামিক ফাউন্ডেশন, মেহেরপুর প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ জেলার সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ ছাড়া দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের আয়োজন করা হয়েছে।