স্টাফ রিপোর্টার
, যশোর
জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে দশ দফা দাবি তুলে ধরে সংবাদ সম্মেলন করেছে ‘জুলাইযোদ্ধা সংগঠন’, যশোর জেলা শাখা। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে প্রেসক্লাব যশোরে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন আহ্বায়ক এ বি আহাদ হোসাইন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও জনগণের প্রত্যাশা বাস্তবায়নে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ জন্য জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করা, জনআকাঙ্ক্ষার ভিত্তিতে ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়ন এবং জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের পুনর্বাসনের জোর দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে সারা দেশে চলমান ‘মব সন্ত্রাস’ বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, জুলাইযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং রাজনৈতিক দমন-পীড়নের অপসংস্কৃতি থেকে সরে এসে জুলাইপন্থী রাজনৈতিক দলগুলোর ঐক্য বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।
এ ছাড়া আন্দোলন চলাকালে অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে যারা গণঅভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং বিগত সরকারের সাথে কোনোভাবে জড়িত ছিলেন না, তাদের দ্রুত শহীদের মর্যাদা প্রদান এবং শহীদ পরিবারের জন্য ঘোষিত সব সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি তোলা হয়।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের বিজয় কোনো একক রাজনৈতিক দলের নয়; এটি সমগ্র বাংলাদেশের মানুষের অর্জন। তাই কোনো রাজনৈতিক দল যেন এই মহান অর্জনকে দেশের মানুষের কাছ থেকে কুক্ষিগত করতে না পারে, সে বিষয়ে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
সংবাদ সম্মেলনে জুলাইযোদ্ধা ও জুলাই শহীদদের সরকারি গেজেট পুনরায় যাচাই-বাছাই করে ভুয়া নাম বাতিলের দাবি জানানো হয়। একই সঙ্গে সরকারের ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ কার্যক্রম সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানোর জন্য অনুরোধ জানানো হয়।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব রাকিবুল ইসলাম রাকিব, শহীদ আব্দুল্লাহর মা রওশন আরা, শহীদ আবরার মাসনুন নীলের মা জেসমিন আক্তার, শহীদ মাহির বাবা শাহিদুর রহমান, শহীদ রিয়াদ শেখের ভাই হৃদয় শেখ, শহীদ মেহেদী হাসানের মা মনোয়ারা বেগম ও আবিদ হাসানসহ যশোরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ২৭টি পরিবারের প্রতিনিধি ও সদস্যরা।