স্টাফ রিপোর্টার
, যশোর
গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভুতুড়ে বিদ্যুৎ বিল আদায় বন্ধ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণসহ জনদুর্ভোগ নিরসনের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য, যশোর জেলা শাখা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) যশোর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়। এতে দেশের বর্তমান গ্যাস ও বিদ্যুৎ সংকট, লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জনজীবনে এর বিরূপ প্রভাব তুলে ধরে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
স্মারকলিপিতে বলা হয়, গ্যাস ও বিদ্যুতের ঘাটতির কারণে শিল্প-কারখানা, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালসহ বিভিন্ন খাতে উৎপাদন ও সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। একই সঙ্গে ভুতুড়ে ও অস্বাভাবিক বিদ্যুৎ বিল সাধারণ গ্রাহকদের মধ্যে চরম অসন্তোষের সৃষ্টি করেছে। ফলে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রার ব্যয় দিন দিন অসহনীয় হয়ে উঠছে।
এ অবস্থায় ১১ দলীয় ঐক্য দশ দফা দাবি উত্থাপন করে। দাবিগুলোর মধ্যে রয়েছে, দ্রুত গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা, বিদ্যুতের মূল্য যৌক্তিক পর্যায়ে নির্ধারণ, ভুতুড়ে বিদ্যুৎ বিল প্রত্যাহার ও অতিরিক্ত আদায়কৃত অর্থ সমন্বয় বা ফেরত দেওয়া, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, বাজার সিন্ডিকেট ও মজুতদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ক্রয়ক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং বিদ্যুৎ-গ্যাস খাতে দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর করে জবাবদিহি নিশ্চিত করা।
স্মারকলিপিতে আরও বলা হয়, জনদুর্ভোগ লাঘবে সরকারকে দ্রুত দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের পাশাপাশি গৃহীত উদ্যোগ সম্পর্কে জনগণকে অবহিত করতে হবে। এতে আশা প্রকাশ করা হয়, উত্থাপিত দাবিগুলো বাস্তবায়িত হলে সাধারণ মানুষের দুর্ভোগ কমবে, জীবনযাত্রার ব্যয় হ্রাস পাবে এবং জনজীবনে স্বস্তি ফিরে আসবে।