মণিরামপুর (যশোর) প্রতিনিধি
মণিরামপুরে তিনটি বেকারিতে অভিযান চালিয়ে অর্ধলাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উৎপাদিত খাদ্য পণ্যে অনুমোদনহীন রং, ক্ষতিকর রাসায়নিক স্যাকারিন, অ্যাঞ্জেল পাউডার ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে এই দণ্ড দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে মণিরামপুর উপজেলার সোহরাব মোড়, টেংরামারী ও রোহিতা বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন।
এরমধ্যে মায়ের দোয়া বেকারিকে দশ হাজার টাকা, টেংরামারীর ফাহিমা ফুডসকে দশ হাজার টাকা ও রোহিতা বাজারের মেহেদী ফুড প্রোডাক্টকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সুশান্ত দত্ত ও থানা পুলিশের একটি দল অংশ নেয়।
সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন বলেন, খাদ্যপণ্য উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখবিহীন বাজারজাতকরণ, মানবদেহের জন্য ক্ষতিকর অননুমোদিত চীনা রঞ্জক পদার্থ ও অন্যান্য রাসায়নিক ( স্যাকারিন, অ্যাঞ্জেল পাউডার ) ব্যবহার, পণ্য উৎপাদনের নির্ধারিত দিনের থেকে একদিন অগ্রিম দেখিয়ে পণ্য প্যাকেটজাত, অপরিচ্ছন্ন পরিবেশ ইত্যাদি কারণে তিনটি বেকারিকে দণ্ড দেওয়া হয়েছে।