মাগুরা প্রতিনিধি
নতুন বাংলাদেশ গড়তে পরিবেশ সুরক্ষায় সারাদেশে ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেছেন সংস্কৃতিবিষয়কমন্ত্রী নিতাই রায়চৌধুরী।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে বৃক্ষরোপণ করতে হবে। একটি গাছ লাগানোর পাশাপাশি সেটিকে সন্তানের মতোই যত্ন নিয়ে বড় করে তুলতে হবে।
শনিবার দুপুরে মাগুরা পুলিশ লাইন্সে জেলা পুলিশ ও গ্রিন ভিউ সোশ্যাল ডেভেলপমেন্টের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে। এ লক্ষ্য বাস্তবায়নে দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযান চলছে।
তিনি বলেন, গাছ আমাদের অক্সিজেনের জোগান দেওয়ার পাশাপাশি ফল, জ্বালানিকাঠ ও আসবাবপত্রের কাঁচামাল সরবরাহ করে। তাই বসতবাড়ির আশপাশ, পতিত জমি, নদীর তীর, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের আঙিনায় ফলদ, বনজ ও ওষধি গাছ রোপণ করতে হবে।

তিনি আরও বলেন, অতীতের নানা সংকট কাটিয়ে দেশকে নতুনভাবে গড়ে তুলতে বর্তমান সরকার কাজ করছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশ খাতের উন্নয়নের পাশাপাশি জনগণের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতেও সরকার বদ্ধপরিকর। দেশের খালগুলো পুনঃখননের উদ্যোগ নেওয়া হবে, যাতে কৃষি উৎপাদন বৃদ্ধি পায় এবং কৃষকরা উপকৃত হন।
জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল এবং গ্রিন ভিউ সোশ্যাল ডেভেলপমেন্টের সভাপতি আশরাফুল আলম খান।
আয়োজকরা জানান, প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাগুরা জেলা পুলিশ এ বছর জেলায় দশ হাজার বৃক্ষরোপণ করবে।